স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিপাহসালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমি’র উন্নয়নে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। গত বুধবার দুপুরে একাডেমির বহুতল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সভায় এমপি জি কে গউছ বলেন, “শিক্ষা জাতির মেরুদন্ড। একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিপাহসালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে তিনি কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন।
ম্যানেজিং কমিটির সভাপতি আলী আজমের সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষক সৈয়দ আবুল কাউছারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মখলিছুর রহমান, সাবেক জেলা আমীর মোঃ আব্দুর রহমান, সাবেক উপজেলা শিক্ষা অফিসার মিয়া মোঃ ফরিদ, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, হবিগঞ্জ পৌর আমীর আতিকুল ইসলাম সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ এস এম নাদির শাহ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।