মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চা বাগান, কৃষি ও শিল্পখাতে কর্মরত হাজারো নারী শ্রমিক নীরবে কঠোর পরিশ্রম করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সংসার চালানো থেকে শুরু করে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে তারা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে চলেছেন। আন্তর্জাতিক নারী দিবস এলেই তাদের জীবনসংগ্রাম, পরিশ্রম ও শ্রত্যাশার কথাগুলো নতুন করে সামনে আসে। তবে দুঃখ জনক হলেও সত্য, এসব শ্রমজীবী নারীদের অনেকেই নারী দিবস সম্পর্কে তেমন কিছু জানেন না। মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন, যার একটি বড় অংশই নারী। ভোরের আলো ফোটার আগেই ঝুড়ি হাতে তারা বাগানের পথে বেরিয়ে পড়েন। সারাদিন গাছের ডগা থেকে কোমল চা পাতা সংগ্রহই তাদের প্রধান কাজ। নোয়াপাড়া চা বাগানের এক নারী শ্রমিক নীলমণি রেলি বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেও মজুরি খুব বেশি নয়। তবুও সংসারের তাগিদে কাজ চালিয়ে যেতে হয়। তিনি বলেন, “আমাদের সংসারে উপার্জনের মানুষ কম। তাই বাগানের কাজই ভরসা।” শুধু চা বাগানেই নয়, আশপাশের গ্রামগুলোতে কৃষিকাজেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। ধান রোপণ, আগাছা পরিষ্কার, সবজি চাষ ও ফসল কাটার কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনেক সময় পুরুষদের সঙ্গে সমান পরিশ্রম করলেও মজুরির ক্ষেত্রে পার্থক্যের অভিযোগ রয়েছে। বৈকুণ্ঠপুর চা বাগানের আরেক নারী শ্রমিক মমতা চাষা জানান, মৌসুম এলেই মাঠে কাজের চাপ বেড়ে যায়। ধান লাগানো কিংবা ফসল কাটার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই থাকতে হয়। বাড়িতে ফিরে আবার রান্না ও পরিবারের কাজ সামলাতে হয়। এতে শারীরিকভাবে অনেক কষ্ট হলেও সংসারের কথা ভেবেই সব সহ্য করতে হয়। তবে শিল্পকারখানায় যারা কাজ করেন তারা তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থায় আছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। অনেক বাগানের বেকার নারী এখন বিভিন্ন কারখানায় কাজ করে আগের চেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। তাদের মতে, কারখানায় কাজের নিরাপত্তা তুলনামূলক বেশি। তবে জাতীয় দিবসগুলোতে তাদের তেমন ভাবে সম্পৃক্ত করা হয় না। সরকারিভাবে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তারা আরও ভালো করতে পারতেন বলেও মত দেন তারা। মাধবপুরে গড়ে ওঠা বিভিন্ন শিল্পকারখানায়ও কাজ করছেন অনেক নারী। ফাতেমা বেগম নামে এক নারী শ্রমিক জানান, তিনি দুই মেয়েকে নিয়ে একটি কারখানায় কাজ করেন। নারী দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি তেমন কিছু জানেন না। তবে কারখানায় কাজ করে এখন আগের তুলনায় সংসার কিছুটা ভালো চলছে। ফাতেমা বলেন, “আমাদের মতো হাজার হাজার নারী এখন মাধবপুরের শিল্পকারখানায় কাজ করছে। এতে সংসার চালাতে সুবিধা হচ্ছে। তবে আমরা স্বল্প আয়ের মানুষ। সরকার যদি আমাদের আরও সহযোগিতা করে তাহলে জীবনমান আরও উন্নত হবে।” তেলিয়াপাড়া চা বাগানের নারী শ্রমিক শিউলি তাতী বলেন, “আমরা নারীরা সরাসরি শ্রমের সঙ্গে জড়িত। কিন্তু বাগানের বাইরে সরকারিভাবে তেমন কোনো সহায়তা পাই না। নারীদের জন্য যদি কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র করা হয়, তাহলে আমরা নতুন কাজ শিখে আরও ভালোভাবে জীবন গড়তে পারতাম।” আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তেলিয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য সাইমন মর্মু বলেন, চা বাগান, কৃষি ও শিল্পখাতে কর্মরত এসব নারী শ্রমিকের নীরব পরিশ্রমেই দেশের অর্থনীতির একটি বড় অংশ সচল রয়েছে। তাই তাদের সম্মান, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং একটি মানবিক কর্তব্য। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী- তারা এগিয়ে না গেলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বলেন, ছোট পরিসরে একটি আলোচনা সভার মাধ্যমে নারী দিবস পালন করা হয়েছে। বাগান, শিল্প ও কৃষিখাতে কর্মরত সব নারীদের ডাকা সম্ভব হয়নি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) মাধবপুরের নারী সংগঠক ওমাইয়া ফেরদৌস বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হলেও মাঠপর্যায়ের অনেক নারী শ্রমিকই এ দিবস সম্পর্কে তেমন অবগত নন। বিভিন্ন দিবস উপলক্ষে আলোচনা সভা হলেও সেখানে শ্রমজীবী নারীদের খুব একটা সম্পৃক্ত করা হয় না। তিনি বলেন, মাধবপুরের বিভিন্ন শিল্পকারখানায় কাজ করা নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই কর্মজীবী নারীদের উন্নয়নে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।