নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী ভাবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এখানে সরকার দলীয় নেতাকর্মী ও সম্বনয়কদের প্রভাব বিস্তার করায় সাধারণ কৃষকরা তাদের ধান নিজে দিতে ব্যর্থ হচ্ছে। কৃষকের কার্ড বাধ্য হয়ে দিতে হচ্ছে সিন্ডিকেট সদস্যদের হাতে। ফলে ওই কার্ড দিয়েই নেতারা গুদামে ঢুকাচ্ছেন ধান। আর কৃষকরা কার্ডের বিনিময়ে পাচ্ছেন নামমাত্র কিছু হাদিয়া। এ সব কর্মকান্ডে জড়িত রয়েছে গুদাম কর্মকর্তা নীল রতন রায়, কর্মচারী কাশেম মিয়া এবং গুদাম সর্দার আব্বাছ মিয়া। সুত্রে জানা যায়, সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ১২ শত ৪০ টন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এখানে লটারীর মাধ্যমে ৬১৫ জন কৃষকদের তালিকা অনুযায়ী ধান নেয়ার কথা। কিন্তু বিধি বাম, কৃষকরা ধান নিয়ে গুদামে আসলেই সরকার দলীয় নেতাকর্মী ও সমস্বনয়কদের ব্যারিকেট। গুদামে ধান দিতে গেলে তাদেরকে ম্যানেজ করে দিতে হয়। নতুবা সম্ভব নয়। ইতিমধ্যে ধান সংগ্রহ সংক্রান্ত ১২/১৪ জনের একটি সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। তারা গ্রামাঞ্চল থেকে কৃষি কার্ড সংগ্রহ করে দলীয় প্রভাব ও খাদ্য গুদাম কর্মকর্তাকে ম্যানেজ করে প্রায় ৩শ ৪০ টন ধান ইতিমধ্যে খাদ্য গুদামে দিয়েছেন। এছাড়া সরকারী নিয়মানুযায়ী ধানের আদ্রতা সঠিকভাবে পরিমাপ না করে ১৫,১৬ ও ১৭% আদ্রতার ধান নেয়া হচ্ছে। যেখানে সর্বোচ্চ আদ্রতা থাকার কথা ১৪%। এ ব্যাপারে কর্মকর্তা নীল রতন রায় বলেন, সরকারের নীয়ম অনুসরণ করেই ধান নেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে বলেন, ওরা কৃষি কার্ড নিয়ে এসে ধান দিচ্ছেন। উনি যদি প্রকৃত কৃষক না হন, তাহলে বিল দেয়ার সময় প্রকৃত কৃষকের হাতে চেক দেয়া হবে। এক পর্যায়ে তিনি অকৃষি লোকদের কাছ থেকে কৃষকের কার্ড দেখে ধান নিয়েছেন, এতে দলীয় প্রভাব রয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর করিম মজিদ বলেন, দলীয় প্রভাব কাটিয়ে কেউ ধান সংগ্রহ অভিযানে বাধাঁগ্রস্থ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কাজ বরদাস্ত করবে না বিএনপি। কৃষক গিয়াস উদ্দিন বলেন, প্রাকৃতিক দূর্যোগে জমির ধান গেলো, সরকারী কৃষি প্রনোদনা থেকেও বঞ্চিত হলাম। যে টুকু ধান পেয়েছি, বাজার দর কম থাকায়, সরকারী গুদামে ধান দিতে গিয়েও সুযোগ পাইনি।