মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ শহরে মোটরসাইকেল চুরির আতঙ্ক ॥ বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে মোটরসাইকেল চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকা থেকে মোটরসাইকেল চুরির খবর পাওয়া যাচ্ছে। এতে করে মোটরসাইকেল মালিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বাজার, বাসাবাড়ির সামনে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও জনসমাগমস্থলে মোটরসাইকেল রেখে স্বস্তিতে থাকতে পারছেন না কেউ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে সংঘবদ্ধ চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সচেতন মহল।
সর্বশেষ শুক্রবার দুপুরে শহরের সবুজবাগ এলাকা থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলটির মালিক কিছু সময়ের জন্য গাড়িটি রেখে অন্য কাজে গেলে ফিরে এসে সেটি আর খুঁজে পাননি। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও মোটরসাইকেল চুরির ঘটনা কমছে না। অনেক সময় চোরচক্র পরিকল্পিতভাবে কয়েক মিনিটের মধ্যেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মোটরসাইকেল চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে চুরি হওয়া মোটরসাইকেলের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং চিহ্নিত মোটরসাইকেল চোর ও চোরচক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চোরচক্রকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে মোটরসাইকেল মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা জনসমাগমস্থলে মোটরসাইকেল রেখে গেলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, উন্নতমানের লক ব্যবহার এবং সম্ভব হলে সিসিটিভির আওতায় গাড়ি রাখার পরামর্শ দিয়েছেন।
শহরবাসীর দাবি, মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর অভিযান পরিচালনা করে চুরি হওয়া যানবাহন উদ্ধার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থ্যা করা হোক। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com