স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শহরের বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং জুম্মার নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত শায়েস্তানগর, মোহনপুর, ২নং পুলসহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে রোজাদার মানুষসহ সাধারণ বাসিন্দাদের নিত্যদিনের কাজে মারাত্মক বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানির সংকট দেখা দেয়। অনেক বাসায় মোটর চালানো সম্ভব হয়নি, ফলে রান্না-বান্না ও ঘরের অন্যান্য কাজে সমস্যা দেখা দেয়। রোজাদার মানুষ গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় চরম অস্বস্তির মধ্যে সময় কাটাতে বাধ্য হন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা বেশি কষ্টে পড়েন। রমজান মাসে সাধারণত সকাল থেকে বিকেল পর্যন্ত বাসাবাড়িতে ইফতার প্রস্তুতির ব্যস্ততা থাকে। কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেক পরিবার সময়মতো ইফতার প্রস্তুত করতে পারেননি। ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দেয়। এছাড়া বাজার ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ে। বিদ্যুৎ না থাকায় অনেক দোকানদার তাদের ব্যবসা পরিচালনায় সমস্যায় পড়েন। এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়রা জানান, শায়েস্তানগরের মুন হাসপাতালের নিকট পিডিবির লোকজন ব্যক্তিগত উদ্যোগে একটি ট্রান্সফরমার স্থাপনের কাজ করেন। এ কাজের অজুহাতে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এলাকাবাসী আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিছু কর্মকর্তা মনগড়া সিদ্ধান্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছেন। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলরা চাইলে অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করে বিদ্যুৎ চালু করতে পারতেন। কিন্তু তা না করে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রাখায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।
অনেকেই অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে দায়িত্বে থাকা পিডিবির কিছু কর্মকর্তা এখনও একই পদে থাকায় পুরোনো ধারা অনুযায়ী নানা অজুহাতে বিদ্যুৎ সরবরাহে এমন ভোগান্তি তৈরি হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা বলেন, রমজান মাসে মানুষ সারাদিন রোজা রেখে থাকে। এ সময় বিদ্যুৎ না থাকলে কষ্ট আরও বেড়ে যায়। অথচ কোনো ধরনের পূর্ব ঘোষণা বা বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা হলে আগাম ঘোষণা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কার্যক্রমে আরও দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয়রা।