স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা প্রকাশ তামাশপুর গ্রামে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন কুয়েত প্রবাসী প্রশান্ত বৈদ্য নামে এক রেমিট্যান্সযোদ্ধা। চাঁদা না দেওয়ায় তার জমিজমা ও ফিসারি দখলের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই সুশান্ত বৈদ্য নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের জয়নাল আবেদীন, তার পুত্র মিনহাজুল, আবেদন শাহনাজ, আব্দুর রহিম, ফাহিম মিয়া, জামিল আহমেদ ও হাবিবুর রহমান জাবেদ মিয়ার বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রবাসী প্রশান্ত বৈদ্যের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রবাসীর ফিসারিসহ জমিজমা দখলের হুমকি প্রদান করে। এ অবস্থায় প্রবাসীর ভাই সুশান্ত বৈদ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর মিস মামলা নং-২১৯/২০২৫ ইং। মামলা দায়েরের পরও চাঁদাবাজরা তাদের কর্মকাণ্ড বন্ধ না করে গত ২৩ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৮টায় আহসান মিয়ার নেতৃত্বে একটি দল প্রবাসীর ফিসারিতে হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরও তারা প্রবাসীর ভাইকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এতে করে সুশান্ত বৈদ্য ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।