শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী লস্করপুর গ্রামের সাহেব বাড়ির বাসিন্দা এবং তরফ রাজ্যের সেনাপতি হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর বংশধর, আসাম বেঙ্গল রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান সৈয়দ ইমামুর রেজা ও মরহুমা সৈয়দা জোবেদা আক্তারের চতুর্থ সন্তান হবিগঞ্জের পরিচিত মুখ অবসরপ্রাপ্ত সাবেক ভূমি কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, দানবীর ও বিশিষ্ট মুরুব্বি ব্যবসায়ী দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকার বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি সহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালের খবরে হবিগঞ্জে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নানা পেশার মানুষ রাজনগর এলাকার বাসভবনে এসে মরহুমকে শেষবারের মতো একনজর দেখেন। অনেক আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ পৌর শহরের শিরিষতলায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা-পূর্ব বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জিকে গউছ বলেন, “মরহুম দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা ছিলেন সাদা মনের, সহজ-সরল ও পরহেজগার মানুষ। তিনি বহু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সমাজে দানশীল ও মানবসেবায় নিবেদিত ছিলেন। তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রথম জানাযা শেষে মরহুমের মরদেহ তাঁর জন্মভূমি লস্করপুর সাহেব বাড়িতে নেওয়া হলে গ্রামের মানুষসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পরে বাদ জোহর দুপুর ২টায় লস্করপুর সাহেব বাড়ির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, মসজিদের মুসল্লি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় দুই হাজারের বেশি মানুষ অংশ নেন। জানাযা-পূর্ব বক্তব্যে চুনারুঘাট উপজেলার বারবার নির্বাচিত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, “মরহুম আমার বংশীয় আত্মীয় ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান অনস্বীকার্য। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”
এছাড়াও বক্তব্য রাখেন- দৌলতবাড়ির পীরজাদা ও মরহুমের ভাগ্নে, মরহুমের ছোট ভাই এবং তাঁর ছেলে দেওয়ান সৈয়দ আবতাবুর রেজা ও দেওয়ান সৈয়দ তৈমুর রেজা।
জানাজা শেষে দেওয়ান সৈয়দ ইমামুর রেজা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার সামনে পারিবারিক কবরস্থানে মরহুম দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজাকে দাফন করা হয়।