রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ধারাবাহিকভাবে কমছে বিদেশি বিনিয়োগ

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দেশের অর্থনীতির চালিকাশক্তি আর্থিকখাত। বিশেষ করে ব্যাংক ও পুঁজিবাজার। জুলাই বিপ্লবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ব্যাংকিং খাতে নানামুখী সংস্কার ও পদক্ষেপে জোড়া-তালি দিয়ে চলছে খাতটি। অপরদিকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও আর্থিকখাতের আরেক চালিকাশক্তি পুঁজিবাজারে বিপরীত অবস্থা বিরাজমান। দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। অবশ্য শুধু রাজনৈতিকই নয়; নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ শীর্ষ ব্যক্তিদের খামখেয়ালীপনা, বাজার সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব, নানা হঠকারী সিদ্বান্ত, ব্যক্তিগত অভিপ্রয়াস, পুঁজিবাজারের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গকে অবমূল্যায়ন, কমিশনের অভ্যন্তরীণ কোন্দলসহ নানাবিধ কারণে দেশের পুঁজিবাজার বর্তমানে ধ্বংসের দারপ্রান্তে। স্পর্শকাতর এই খাতটির সঙ্গে লাখ লাখ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগ জড়িত, প্রতিদিনের লেনেদেনের প্রতিফলন ঘটে সূচক উঠা-নামার মাধ্যমে, ফলে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়াটিও সূচকের সমান্তরাল রেখায় প্রতিফলিত হয়। সূচক ও লেনদেন তলানিতে নামছে, যেন দেখার কেউ নেই। এদিকে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ কমছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসেও একই প্রবণতা দেখা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে তালিকাভুক্ত শেয়ারে নিট বিদেশি বিনিয়োগ ৬৬ মিলিয়ন ডলার কমেছে। অর্থাৎ এই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। এর আগের বছরের একই চার মাসে বিদেশি বিনিয়োগ বের হয়ে যাওয়ার পরিমাণ ছিল তুলনামূলক অনেক কম, তখন কমেছিল ৯ মিলিয়ন ডলার। বাজার সংশ্লিষ্টদের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি আর্থিক খাতের উদ্বেগও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ব্যাংক খাতের কিছু জায়গায় যে সমস্যা দেখা দিয়েছে, তা অন্য ব্যাংকেও ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। তিনি জানান, বর্তমানে মাত্র চার থেকে পাঁচটি ব্যাংক তুলনামূলক স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু বাকি ব্যাংকগুলো নানা ধরনের চাপে আছে। ফলে আর্থিক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমছে।
কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করছে, কারণ এসব ব্যাংকের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা হারিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নয়টি ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান অবসানয়নের (লিকুইডেশন) প্রক্রিয়া নিয়ে কাজ করছে, যার মধ্যে আটটিই তালিকাভুক্ত। এসব ঘটনা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। সাইফুল ইসলাম বলেন, একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের ব্যয় ক্ষমতা কমে গেছে। এতে ভোগ্যপণ্য খাতের কোম্পানিগুলোর আয় বৃদ্ধির সম্ভাবনা সীমিত হয়ে পড়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এসব কোম্পানির চাহিদা কমেছে। তার মতে, নতুন ও ভালো কোম্পানির অভাবে বিদেশি বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগের আগ্রহ পাচ্ছেন না। তার ভাষ্য, কিছু তালিকাভুক্ত কোম্পানি মোটামুটি ভালো করলেও অনেক কোম্পানির লভ্যাংশ দেওয়ার রেকর্ড ভালো না। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে কোনো বড় ও সুশাসিত কোম্পানি তালিকাভুক্ত হয়নি। সাধারণত এ ধরনের কোম্পানি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। এছাড়া গত এক বছরে কোনো আইপিও অনুমোদন পায়নি, যদিও অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা মে মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। বিদেশি বিনিয়োগের সঙ্গে যুক্ত তার ব্রোকারেজ হাউসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক তালিকাভুক্ত কোম্পানির যোগাযোগের ঘাটতি ও দুর্বল করপোরেট সুশাসন রয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা সময়মতো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রয়োজনে কোম্পানির ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগের সুযোগ পান না। ফলে তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহ পান না।
কিছু বাজার বিশেষজ্ঞ মনে করেন, আগে নেওয়া কিছু নীতির কারণে ব্যবসা একপ্রকার থেমে গিয়েছিল, তাই বিদেশি বিনিয়োগকারীরা এখন সতর্ক। ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রহমত পাশা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রধান উদ্বেগের বিষয়। তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া না পর্যন্ত বিদেশি বিনিয়োগকারী বাজারে আসতে চান না। কারণ তারা সহিংসতা বা হঠাৎ অর্থনৈতিক সমস্যাকে এড়িয়ে চলতে চান। রহমত পাশা জানান, ২০২০ ও পরে ২০২২ সালে নির্ধারিত ফ্লোর প্রাইস নিয়ে বিদেশি বিনিয়োগকারীরা এখনো সতর্ক। এই নীতির কারণে অনেক শেয়ার সহজে কেনা-বেচা যায়নি, তাই বাজার ধীর হয়ে গেছে। তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন এবং তাদের নিজ দেশের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মানতে সমস্যা হয়েছে। কারণ ওই সংস্থাগুলো এ ধরনের বাজারে বিনিয়োগের অনুমতি দেয় না। তিনি বলেন, নতুন কমিশন গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর ফ্লোর প্রাইস নীতি তুলে নেওয়া হয়। তবে এখানো বাজারের প্রতি বিনিয়োগকারীদের সম্পূর্ণ আস্থা ফেরেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে ১৫০ মিলিয়ন ডলার তুলে নিয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩৪৩ মিলিয়ন ডলার। ব্রোকারদের মতে, কিছু বিদেশি বিনিয়োগকারী এখন কিছু শেয়ারে সম্ভাবনা দেখছেন, কিন্তু শুধু কম দামের কারণে তারা আকৃষ্ট হচ্ছেন না। তাদের মতে, বিদেশি বিনিয়োগ স্থিরভাবে ফিরতে হলে দরকার রাজনৈতিক স্থিরতা, স্বচ্ছ বাজার নিয়ম, ভালো কোম্পানি পরিচালনা এবং নতুন মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তি। ব্রোকাররা বলেন, সুষ্ঠু নির্বাচন ও বাজারের নীতিমালা আরও স্পষ্ট হলে বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরবেন। এদিকে বাজারকে স্থিতিশীল করতে সঠিক পদক্ষেপ না নিয়ে আগের সময়ের ছোট ছোট ভুল ত্রুটিকে সামনে এনে বড় অঙ্কের জরিমানা ও অন্যান্য শাস্তির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায়- ছোট একটি ভুলের কারণে যেখানে ১০ লাখ টাকা জরিমানা শ্রেয়, সেখানে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বিপাকে ফেলতে ১০ কোটি টাকা জরিমানা করা হচ্ছে। এই জরিমানার টাকা আসলে কোনভাবেই উসুল করা সম্ভব নয়; কারণ ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়তো ওই জরিমানার অর্থ প্রদানের সক্ষমতাই নেই। অথবা তিনি মামলা করে সিদ্ধান্ত আটকে দিবেন। অপরদিকে, এ ধরণের হঠকারী সিদ্ধান্তে বাজার ও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আস্থাহীনতায় ইতোমধ্যে বাজার ছেড়েছেন হাজারো বিনিয়োগকারী। গত এক বছরে বিনিয়োগকারীদের প্রকৃত পুঁজি কমেছে এক লাখ কোটি টাকারও বেশি। আগে একসময়ে বাজার মূলধন কমলেই দোষারোপ করা হতো সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তির নামে। আর সালমান এফ রহমান বর্তমানে জেলে আছেন। তাহলে বর্তমান বাজার মূলধনের হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে? শুধু তাই নয় খন্দকার রাশেদ মাকসুদ কমিশনের সময়ে একটি নতুন আইপিও অনুমোদন পায়নি। যা নতুন মূলধন প্রবাহকে সম্পূর্ণরুপে বন্ধ করে দিয়েছে। বিনিয়োগকারীদের আস্থা হারানোর আরেকটি বড় প্রমাণ হলো- খুচরা বিনিয়োগকারীদের ব্যাপক প্রস্থান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com