মাধবপুর প্রতিনিধি ॥ হেমন্তী রবি দাস। প্রায় ১২ বছর আগে বাড়ি থেকে আকস্মিক নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকেই একমাত্র ভাই রঙ্গু রবি দাস বোনকে খোঁজে যাচ্ছেন। কিন্তু খোঁজে পাননি। তবে আশাও ছড়েননি। বোন একদিন ফিরে আসবেই, এমনটাই আশাবাদী ভাই রঙ্গু রবি দাস। সম্প্রতি হেমন্তী সম্পর্কে তথ্য পেয়েছেন ভাই রঙ্গু রবি দাস।
মাধবপুর উপজেলার ঘিলাতুলী গ্রামের হেমন্তী রবি দাস। প্রায় ১২ বছর আগে হারিয়ে যান। তার খোঁজে একমাত্র ভাই রঙ্গু রবি দাস দীর্ঘ ১২ বছর ধরে খোঁজেই যাচ্ছেন। একমাত্র মেয়ে নিখোঁজ হওয়ার শোকে মা-বাবা পৃথিবী ছেড়ে চলে যায়। বোনের সন্ধানে এখনো হাল ছাড়েননি ভাই রঙ্গু। তাকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই একা হয়ে পড়েন রঙ্গু। বোনের খোঁজে তিনি আজও গ্রাম থেকে গ্রাম, থানা থেকে থানায় ছুটে বেড়ান। পরিচিত-অপরিচিত অসংখ্য মানুষের দ্বারস্থ হন। দীর্ঘদিনের এ ক্লান্তিকর খোঁজাখুঁজি করে মানসিকভাবে প্রায় বিপর্যস্ত করে তুললেও তিনি আশাভঙ্গ হননি একদিনও।
রঙ্গু বলেন, আমি হেমন্তীকে আজও খুঁজি। কোথাও না কোথাও বেঁচে আছে সে। হয়তো একদিন ফিরে আসবেই।
সম্প্রতি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে গিয়ে রঙ্গু জানতে পারেন চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ অনুযায়ী নরসিংদীর রায়পুরা উপজেলার মেহেরনগর গ্রামের সফিকুল ইসলাম নামে এক ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক হেমন্তীকে ধর্মান্তরিত করে বিয়ে করেন। এ তথ্য সামনে আসতেই এলাকার জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। রঙ্গুর দাবি, সরকার যেন দ্রুত হেমন্তীকে উদ্ধার করে তার পরিবারে ফিরিয়ে দেন। আর যারা তাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন।