স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সমিতি সিলেটের অভিষেক অনুষ্ঠান ও খোয়াই নদীর বাঁকে স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ পরিবেশ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। সভায় ঢাকার সাথে হবিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শায়েস্তাগঞ্জ থেকে বিশেষ ট্রেন অথবা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও অবিলম্বে ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজ সমাপ্তের আহবান জানানো হয়। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পুরাতন খোয়াই নদী উদ্ধার করে আধুনিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে সুদৃশ্য লেক নির্মাণ প্রকল্প গ্রহন করে হবিগঞ্জের জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে হবে। পৌরসভা সমূহের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। প্রাকৃতিক ও খনিজ সম্পদ লুটপাট বন্ধ করতে হবে। শিল্প কারখানাসমূহে হবিগঞ্জের লোকজনের চাকুরির সংস্থানসহ ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। ২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের স্টার প্যাসিফিক হোটেলের হলরুমে হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মাহমুদুল আলম মারুফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, সাবেক অতিরিক্ত সচিব এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকাস্থ হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ও হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার, সভাপতি, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উদযাপন কমিটির আহবায়ক সাবেক সিটি কাউন্সিলর হবিগঞ্জ সমিতির সহসভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন। সূচনা বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি হবিগঞ্জ অবকাঠামো উন্নয়নসহ মানুষের জীবনযাত্রার মানউন্নয়নে যেমন বাড়ছে, তেমনি ওই এলাকা প্রতিনিয়ত যেসব শিল্প কারখানা গড়ে উঠছে। সুষ্ঠু, পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে অপার সম্ভাবনাময় হবে। তিনি বলেন, সিলেট মহানগরীতে বসবাসকারী হবিগঞ্জবাসীর প্রাণের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট সম্প্রীতি ও আত্নার বন্ধন প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্থ মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সামাজিক সংগঠন হিসেবে সুনিবিড় সম্পর্কের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ শাহাব উদ্দিন, মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিব উল্লাহ সেলিম, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আব্দুল হান্নান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের সদস্য সচিব তোফাজ্জল সোহেল, সিনিয়র এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, নবিগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ আবুল ফজল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিউল আলম চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এডভোকেট জোস্না ইসলাম, গাজী আব্দুল মাবুদ মমসাদ, মোঃ আবু সালেহ আহমদ, মোঃ আব্দুল আউয়াল বাবুল, প্রমূখ।