নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই বেকারীকে ৪৬হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের দিকে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি বেকারী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযানকালে দেখা যায়, অনেক পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল, ডালডা ও ক্রিম ব্যবহারসহ ক্ষতিকর অ্যামোনিয়াম ও ‘ডেওমাটি’ নামের নিষিদ্ধ ফুড কালার ব্যবহারের প্রমাণ মেলে। এ ধরণের অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুডকে ৪০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিতভাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’