স্টাফ রিপোর্টার ॥ তেলবাহী লরিতে করে পাচারকালে ভারতীয় চোরাই বিপুল পরিমাণ জিরা, ভারতীয় ফেসওয়াস, ভারতীয় ত্বক ফর্সাকারী স্কীন সানরাইজ ক্রীম, ভারতীয় ক্লোপ-জি ক্রীম পাচারকালে আটক করা হয়েছে। গতকাল দুপুরে বিজিবি এগুলো আটক করে। যার বাজার মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে সন্দেহজনক তেলের লরিটির গতিরোধ করে। পরে লরিটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস (ফেসওয়াস, স্কীন সান রাইজ ক্রীম, ক্লোপ-জি ক্রীম) এবং জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি’র সূত্র জানায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই নতুন কৌশল অবলম্বন করছিল। তেলের ট্যাংকারের ভেতরে অভিনব কায়দায় মালামাল ভরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “চোরাচালানকারীরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থেকে চোরচালানী প্রতিরোধ করবে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান বিজিবি নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।