ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরে সম্প্রতি সংঘটিত দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শালিস প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপদেষ্টা ও শালিস কমিটি গঠন করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম, বানিয়াচং সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিউন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও সুধী সমাজের সদস্যরা। সভায় সর্বসম্মতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ৭ সদস্যের একটি উপদেষ্টা কমিটি ও ২২ সদস্যের একটি শালিস কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- সাবেক এমপি শেখ সুজাত মিয়া, জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. শাহজাহান আলী, ড. আবুল ফতেহ ফাত্তাহ, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, মাওলানা আসজদ আহমদ, মজিবুর রহমান চৌধুরী শেফু ও সৈয়দ মতিউর রহমান পেয়ারা। শালিস কমিটির সদস্যরা হলেন- মনসুর আলী খান, অ্যাডভোকেট আবুল ফজল, ফখরুল ইসলাম কালাম, খালেদ আহমদ পাঠান, মাওলানা আশরাফ আলী, সরফরাজ আহমদ চৌধুরী, সৈয়দ খালেদুর রহমান, মাওলানা নুরুল হক, আবুল হোসেন জীবন, বজলুর রশিদ, শেখ ছাদিকুর রহমান শিশু, শিহাব আহমদ চৌধুরী, মাওলানা শোয়াইবুর রহমান, অ্যাডভোকেট মুদ্দত আলী, সাইদুল হক চৌধুরী সাদিক, মাস্টার সোহেল আহমদ, অধ্যক্ষ সোহেল আহমদ, এহসান হাদী রুম্মান, আব্দুল বারিক রনি, ডা. শাহ আবুল খায়ের, শফিকুর রহমান ও এসআর চৌধুরী সেলিম। সভায় সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া, বাজার এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি পরিদর্শন এবং ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্বসহ সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সভায় এক সপ্তাহের মধ্যে গঠিত কমিটির অগ্রগতি ও কার্যক্রম উপজেলা প্রশাসনকে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়।