স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের বাসিন্দা জাহানারা আক্তার। কয়েকদিন আগে গর্ভাবস্থায় স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসকের কাছে এসেছিলেন উপজেলা সদরে। কিন্তু আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন আর বেহাল দশার কারণে স্বাস্থ্য সেবা নিতে এসে রীতিমত অসুস্থ্য হয়ে পড়েন তিনি। জাহানারা আক্তার বলেন, ‘আমাদের এই সড়কটির অবস্থা খুবই খারাপ। বাড়ি থেকে বাজারে গেলে ঝাকুনিতে অবস্থা খারাপ হয়ে যায়। একজন সুস্থ্য মানুষ, যেখানে অসুস্থ্য হয়ে যায় সেখানে গর্ভাবস্থায় কিভাবে চলছি বলেন?’
আজমিরীগঞ্জ-কাকাইছেও সড়কটির ৭ কিলোমিটারের বিভিন্ন অংশে অসংখ্য ভাঙ্গন আর খানাখন্দের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন উপজেলা সদরে চিকিৎসা সেবা, লেখাপড়া, চাকুরীসহ দৈনন্দিন কাজে আসা এসব মানুষ এখন নাকাল। সেই সাথে মালামাল পরিবহনে ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া ব্যয়সহ ভাঙ্গা সড়কে দুর্ঘটনার কবলে পড়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের। স্থানীয়রা বলছেন, ২০২২ সালের বন্যার সময়ে পৌরসদরের ভাটি সমীপুর থেকে কাকাইলছেও ইউনিয়নের কালনীপাড়া গ্রাম পর্যন্ত সড়কটির বেশ কয়েকটি স্থানে বড় ভাঙ্গনের সৃষ্টি হয়। বন্যার পানি নামার পর দরপত্রের মাধ্যমে সংস্কারের কাজ করা হলেও নাম মাত্রে নিম্নমানের কাজের মধ্য দিয়ে সংস্কার কাজ সমাপ্ত করা হয়। ‘বিগত মাস দুয়েক পূর্বে বন্যায় সড়কটিতে পুনরায় ভাঙ্গনের সৃষ্টি হলে পানি নামার পর সড়কটি ব্যবহারকারী ইজিবাইক, সিএনজি এবং অন্যান্য গাড়ি চালকরা নিজেদের উদ্যোগে নিজেরাই পকেটের টাকা আর শ্রম দিয়ে দিয়ে সড়কটির বেশ কিছু ভাঙ্গা অংশ সাময়িক চলাচলের জন্য মেরামত করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, চলতি বছর আকস্মিক বন্যায় আজমিরীগঞ্জ উপজেলার ৩২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। মিষ্টার মিয়া নামের এক যাত্রী বলেন, ‘সড়কের এই বেহাল দশা আমাদের দৈনন্দিন জীবনকে দুঃসহনীয় করে তুলেছে। চিকিৎসা সেবাসহ বিভিন্ন কাজে উপজেলা সদরে আসতে মহিলা, বৃদ্ধ, শিশুদের নিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় আমাদের।’ গাড়ি চালক নাজমুল হোসেন বেপারী বলেন, ‘সাধারণ যাত্রী নিয়ে সময় মত গন্তব্যে যেতে পারি না। তাছাড়া কোন রোগীকে যদি জরুরি অবস্থায় নিয়ে রওনা হই তখন চরম ভোগান্তিতে পড়তে হয়। আগে ছয়মাস বা বছরে একবার গাড়ি মেরামত করলে হত। কিন্তু এখন মাসে মাসে গাড়ি মেরামত করতে হয় কারণ এই ভাঙ্গা সড়কে গাড়ি চালাতে গিয়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার নষ্ট হয়ে যায়।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে আমরা যারা গাড়ি, ইজিবাইক, সিএনজি চালকরা আছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী টাকা দিয়ে নিজেরাই শ্রম দিয়ে সাময়িক চলাচলের জন্য কিছু অংশ কোনরকম মেরামত করেছি।’ আজমিরীগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কসহ উপজেলার মোট ৩২ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ইতিমধ্যে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাবনাটি গৃহীত হলে দরপত্র আহবানের মাধ্যমে খুর দ্রৃত মেরামতের কাজ আমরা শুরু করতে পারবো বলে আশা করছি।’