মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আঞ্চলিক সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় কাকন দাস (২১) নামে এক মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের সুনারু ব্রীজের সন্নিকটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের মতি লাল দাস স্ব-পরিবারের প্রাইভেটকার যোগে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় ব্রীজ থেকে নামতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বার্তী খালে পড়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ সময় কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত মতিলাল দাসের কন্যা কাকন দাস (২১) কে মৃত ঘোষণা করেন। এ ছাড়া প্রাইভেটকারে থাকা একই পরিবারের আরও ৩ সদস্য আহত হন। আহতরা হচ্ছেন মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩)। এর মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজক বলে জানা যায়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে ১ জন মারা গেছেন। ফায়ার সার্ভিসের লোকজনের সহযোগিতায় দূর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি খাল থেকে উঠানোা হয়েছে বলে তিনি জানান।