স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন খান-এর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোডাউনে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। আদর্শবাজার থেকে শুরু করে বাবুর বাজার ,৫/৬নং বাজার, বড়বাজারসহ অত্র ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করার সময় মিলন খান স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ভোটার ও সাধারণ জনগণ তাঁকে হাত নেড়ে ও স্লোগানে স্লোগানে উষ্ণ অভ্যর্থনা জানান। শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মিলন খান বলেন, “আমি বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামীতে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রকৃত সেবক হয়ে সবসময় তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।” শোডাউনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, মিলন খান একজন জনবান্ধব ব্যক্তিত্ব। তিনি নির্বাচিত হলে অত্র ইউনিয়নের বিভিন্ন সমস্যা দূর করে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন গঠনে বড় ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশাবাদী। এই মোটরসাইকেল শোডাউনটি পুরো ইউনিয়নজুড়ে বেশ সাড়া ফেলেছে এবং নির্বাচনী আমেজ আরও বাড়িয়ে তুলেছে।