স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব মহা-রাসলীলা। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় উপজেলার ছয়শ্রী গ্রামে শুরু হয় ৮৪তম ঐতিহ্যবাহী রাসনৃত্য। গতকাল বুধবার এ আয়োজনের সমাপ্তি ঘটে। মণিপুরী শিশু নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা ভক্ত ও দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। রাতভর নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় রাধা-কৃষ্ণের প্রেমলীলা। এ উৎসব উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
স্থানীয়রা জানান, ১৭৬৯ খ্রিষ্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের উদ্যোগে মণিপুরে প্রথম রাসলীলা উৎসবের আয়োজন করা হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ গত ৮৪ বছর ধরে নিয়মিত এ রাস উৎসবের আয়োজন করে আসছেন। রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন, ‘রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছরও রাধা-কৃষ্ণের প্রেমলীলা নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এ আয়োজন অব্যাহত থাকবে।’