স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাগ গ্রামের আম্বর আলীর ছেলে শাহীন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আউয়ালের দায়ের করা মামলায় শাহীন মিয়া এজাহারভুক্ত আসামি। ২০২৩ সালে বিএনপির সমাবেশে তৎকালীন আওয়ামী লীগের এমপি আবু জাহিরের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে এস এম আউয়ালসহ বিএনপি নেতাকর্মীদের গুরুতর আহত করে। আটককৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দীঘলবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে হবিগঞ্জ সদর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বদরুল করিম দুলাল (৫৫) কে গ্রেফতার করে। উল্লিখিত আসামিদ্বয়কে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।