স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকার সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা চারটি পোটলা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা গ্রামের মৃত নিপেন মুক্তার ছেলে অজয় মুন্ডা (২১) ও মনু কর্মকারের ছেলে সূর্য কর্মকার (২৯) এবং মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রত্না চা-বাগানের শিশু রায়ের ছেলে স্বপন রায় (২০)। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে গ্রেফতারকৃতদের ও উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।