স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের পরিবেশে এসেছে দৃশ্যমান পরিবর্তন। একসময় আদালত চত্বরের বিভিন্ন স্থানে দোকানপাট ও ফেরিওয়ালাদের উপস্থিতিতে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটত। বর্তমানে এসব দোকানপাট ও ফেরিওয়ালাদের উচ্ছেদ করায় আদালত প্রাঙ্গণ অনেকটা ফাঁকা ও সুশৃঙ্খল হয়েছে। ফলে বিচারপ্রার্থীরা নির্বিঘ্নে আদালতে আসা-যাওয়া করতে পারছেন।
জেলা ও দায়রা জজ মুহা. বজলুর রহমান হবিগঞ্জে যোগদানের পর থেকেই আদালত প্রাঙ্গণের পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে আদালত চত্বর থেকে অবৈধ দোকানপাট ও ফেরিওয়ালাদের সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি আদালতের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন, সুন্দর ও জনবান্ধব করে তুলতে নেওয়া হয় নানা পদক্ষেপ।
জানা গেছে, তাঁর নিজ উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এতে আদালতের বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থীরা নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন। আদালতের ব্যস্ততার মধ্যেও মুসল্লিরা সেখানে নিয়মিত নামাজ আদায় করছেন।
এ ছাড়া আদালতের প্রবেশ পথে স্থাপন করা হয়েছে আধুনিক মডেল গেট। নতুন এ গেট আদালত প্রাঙ্গণের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি প্রবেশপথকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আদালত চত্বরের বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে নানা প্রজাতির বৃক্ষ। এসব গাছ আদালত প্রাঙ্গণের পরিবেশকে আরও সবুজ ও মনোরম করে তুলছে।
বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামে একটি বিশ্রামাগারও স্থাপন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থী ও তাঁদের স্বজনরা মামলার কার্যক্রমের জন্য অপেক্ষা করার সময় সেখানে বসে বিশ্রাম নিতে পারছেন। বিশেষ করে আদালতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়া সাধারণ মানুষের জন্য এ বিশ্রামাগার স্বস্তির জায়গা হয়ে উঠেছে।
আদালত প্রাঙ্গণের এসব পরিবর্তনে আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁরা মনে করছেন, আদালত শুধু বিচারকাজ পরিচালনার স্থান নয়, এখানে আসা সাধারণ মানুষের জন্যও সুন্দর, পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। দোকানপাট ও ফেরিওয়ালাদের সরিয়ে দেওয়া, মসজিদ নির্মাণ, আধুনিক গেট স্থাপন, বৃক্ষ রোপণ এবং ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার ফলে আদালত প্রাঙ্গণে শৃঙ্খলা ও সৌন্দর্য বেড়েছে।
সংশ্লিষ্টদের মতে, আদালত প্রাঙ্গণের পরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগ বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি আদালতের সামগ্রিক সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ পরিবেশ ধরে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।