শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ পৌর এলাকার শানবাড়ী-আজমিরীগঞ্জ কৃষক সমবায় সমিতি তদন্তে প্রায় ১১ লাখ টাকা আর্থিক অনিয়মসহ বিভিন্ন অনিয়ম পেয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি । জানা যায়, আজমিরীগঞ্জ শানবাড়ী কৃষক সমবায় সমিতির বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে গত ১০ মাস পূর্বে পৌর এলাকার সরাপনগর, পুকুরপাড়, জগৎপুর ও সমীপুর গ্রামের ১১০ জন সুবিধা বঞ্চিত বাসিন্দা সমবায় অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক সৈয়দ আহাম্মদকে আহবায়ক, একই অফিসের পরিদর্শক দুবরাজ রবিদাস ও বানিয়াচং উপজেলা সমবায় অফিসার দেবাশীষ দেবকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ২৭ ফেব্র“য়ারী ওই তদন্ত কমিটি বিগত ১০ বছরের শানবাড়ী কৃষক সমবায় সমিতির কার্যক্রম তদন্ত করেন। তদন্তকালীন অভিযোগকারী কাউকে কাছে ঘেঁষতে দেয়নি ওই সমিতির লোকজন। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লেখিত, অভিযোগের প্রেক্ষিতে ওই তদন্ত কমিটি, ১০ বছরের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০০৬-০৭ থেকে ২০১১-১২ সাল পর্যন্ত— সমিতির নিবন্ধন নং- ১৫১১ এবং ২০১২-১৩ হতে ২০১৫-১৬ সাল পর্যন্ত নিবন্ধন নং- ১১৫১ উল্লেখ রয়েছে, যা সঠিক নয়। সমিতির সভ্য নির্বাচনী এলাকা ও সদস্য, জগৎপুর-৪০ জন, সমীপুর-৫০জন, পুকুরপাড়-নাই ও সরাপনগর-১৫ জন, মোট- ১০৫জন। তদন্তকালে সমিতির রেকর্ড অনুযায়ী “পুকুরপাড় “গ্রামের কোন ব্যাক্তিকে এ সমিতির সদস্য হিসেবে দেখা যায়নি। সদস্য রেজিস্টার পাওয়া যায়নি বা ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। তবে ২০০৬-০৭ থেকে ২০১৫-১৬ সাল পর্যন্ত পুকুরপাড় গ্রাম বাদে মোট ১০৪ জন সদস্য সংখ্যা উল্লেখ রয়েছে। তবে সদস্য রেজিস্টারের অভাবে কে কোন সময়ে সদস্য হিসেবে সমিতিতে ভর্তি হয়েছে, মৃত্যুবরণ করেছে, সভ্য নির্বাচনী এলাকার বাহিরে সদস্য আছে কি-না ইত্যাদি জানা যায়নি। বিগত ১০ বছরে প্রাক্তন ব্যবস্থাপনা কমিটি সমূহের নির্বাচন অনুষ্টানের কোন রেকর্ডপত্র পাওয়া যায়নি। ১০/১১/২০১৩ থেকে ২৭/১২/২০১৬ ইং সন পর্যন্ত ৩ বছর এ সমিতিতে বৈধ ব্যবস্থাপনা কমিটি ছিল না। ২০০৭ সন থেকে ২৪/১১/২০১১ সন পর্যন্ত ব্যবস্থাপনা কমিটির কোন সভা অনুষ্টিত হয়নি। রামকৃষ্ণ মিশন সংলগ্ন লায়েক পতিত জমি প্রায় ১.৭৫ একর ভিটা তৈরি এবং ২.২৫ একর পুকুর খননের জন্য ১০৫ জন সদস্যের নিকট থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে ৫লাখ ২৫ হাজার টাকা উত্তোলন করা হয়। প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে মর্মে অন্তরর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানালেও টাকা আদায় ও ব্যয়ের অনুকুলে রশিদ ও ভাউচার পাওয়া যায়নি। মোট কথা আয়-ব্যয়ের হিসাব বহিতে লিপিবদ্ধ করা হয়নি। এ ছাড়া ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিন বছর সমিতিতে নির্বাচিত বৈধ কমিটি ছিল না। রেকর্ড পত্র অনুযায়ী বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত না হওয়ায় আয়-ব্যয় বাজেট বৈধ নয় এবং ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সঠিক হয়নি। সমিতিতে অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়ম রয়েছে। যাবতীয় কার্যক্রমের জন্য ১৮(১) ধারা মতে ব্যবস্থাপনা কমিটি দায়ী। ২৮/৬/২০০৬,১৮/১১/১১ ও ১৪/৬/২০১৩ ইংঅনুষ্টিত বার্ষিক ও সাধারণ সভা ১৫(৫) ধারা মতে কোরাম হয়নি। ১১/৭,১২/৮/২০০৮,২৭/৭/,৩০/১ ১/২০১০,১৩/৮,২১/১১,১৩/১২/২০১১ ও ২২/১/২০১৭ ইং বিশেষ ও সাধারণ সভা ১৭(৮) ধারা মতে হয়নি। ও ৮/১১/২০১৬ তারিখে অনুষ্টিত বিশেষ সাধারণ সভা, বৈধ ব্যবস্থাপনা কমিটি না থাকায় সাধারণ সভা আহবান ও অনুষ্টান বৈধ নয়, বলে মন্তব্য করেছেন ওই তদন্ত কমিটি। শানবাড়ী, আজমিরীগঞ্জ কৃষক সমবায় সমিতির সদস্যদের নামে শানবাড়ী মৌজার ০১/১৫৩৭ ও ০১/৪৩১ নং খতিয়ানের ১০০৩,১০০৪,১০০১,৮৭১ এবং ৬৭৪ নং দাগের মোট ৩৮.৬৮ একর সরকারি খাস জমি কবুলিয়ত মূলে ১৯৭৪ ও অন্যান্য সনে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সদস্যদের নামে বন্দোবস্ত দেয়া হয়েছিল। পরবর্তীতে সমবায় ভিত্তিক চাষাবাদের জন্য ১১/২/ ও ১২/১২/১৯৭৪ ইং তারিখে সদস্যবৃন্দ জমির মালিকানা স্বত্ব শানবাড়ী আজমিরীগঞ্জ কৃষক সমবায় সমিতির নামে অর্পণ করেন। সমিতির ব্যবস্থাপনা কমিটি এবং সদস্যদের সাধারণ সভার কার্যক্রম অনুযায়ী প্রত্যেক সদস্যের নামে জমি বন্টন করা হয়েছে মর্মে দেখা যায়। তা ব্যবস্থাপনা কমিটির গুরুতর অপরাধ। বিদ্যমান উপ-আইনের ৫ ও ৬ ধারা মতে সরাপনগর, পুকুরপাড়, জগৎপুর ও সমীপুর গ্রামের অভিযোগকারীদের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। তবে কুমারহাটি গ্রাম সমিতির সভ্য নির্বাচনী এলাকার বাহিরে তাই এ গ্রামের কোন ব্যক্তি সমিতির সদস্য হওয়ার সুযোগ নাই।তদন্তকালে উপস্হাপিত সমিতির রেকর্ডপত্র, প্রাক্তন ও বর্তমান ব্যবস্হাপনা কমিটি, সদস্যদের বাচনিক পর্যালোচনায় ওই সমিতির কার্যক্রমের তদন্তের মোট ৩৭ টি অনুচ্ছেদের মাঝে ২৮ টি বিধি পালনে ব্যর্থ, বাকিগুলো পরিপালনে ব্যর্থ, অনিয়ম, অযোগ্য ইত্যাদি। এ ছাড়া সমিতির কার্যক্রম পরিচালনা, অব্যবস্থাপনা, আইন, বিধিমালা, উপ-আইন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না মানায়, ওই সমিতির, প্রাক্তন সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও ৩ সদস্য সহ মোট ৬ জনকে আগামী ৩ বছরের জন্য সমিতির নির্বাচনের অযোগ্য ঘোষনা করা হয়। বিধিমালার ১৮ বিধি ও সমবায় সমিতির আইনের ১৭ ধারা মতে অননুমোদিত ২০০৬-০৭ হতে ২০১৫-১৬ সাল পর্যস্ত নিরীক্ষা প্রতিবেদন ও জমা খরচ বহি মতে ৬ লাখ ৪০ হাজার ৪৯৬ টাকা ব্যয়ের জন্য সংশ্লিষ্ট সময়ের দ্বায়িত্ব পালনকারী ব্যবস্হাপনা কমিটি দায়ী এবং উক্ত টাকা সভাপতি, সহ-সভাপতি, দুই সম্পাদক ও তিন সদস্যে নিকট থেকে আদায়যোগ্য। এ ছাড়া পুকুর খনন ও ভিটি তৈরীতে ৪ লাখ টাকা আর্থিক অনিয়ম হয়েছে। এ জন্য সমিতির দ্বায়িত্বপ্রাপ্ত ১৫ জনকে দায়ী করা হয়। এদিকে সমিতির আইন, বিধিমালা এবং উপ আইন লংঘন করায়, সমিতির প্রাক্তন সভাপতি ও তার ভাইয়ের নিকট থেকে ৫২ হাজার টাকা আদায়যোগ্য বলে উল্লেখ করা হয়।মোট কথা ওই সমিতিতে ১০ লাখ ৯২ হাজার ৪৯৬ টাকা আর্থিক অনিয়ম হয়েছে বলে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে জানা যায়।