রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজকে জাতীয়করনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী। অবরোধের কবলে পড়ে সাবেক চীপ হুইপ ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর প্রায় পনে ১টা পর্যন্ত কলেজের সামনে মহাসড়ক অবরোধ ও মানববন্ধনের ফলে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় ঢাকা থেকে মৌলভীবাজারে যাওয়ার পথে সাবেক চীপ হুইপ ও সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ অবরোধের কবলে পড়ে। প্রায় ৩০ মিনিট আটকে থাকার পর তিনি উত্তাল অবরোধকারীদের সামাল দিতে সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ গাড়ী থেকে নেমে মাধবপুর কলেজকে জাতীয় করনের দাবী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবে বলে আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা শান্ত হয়। অবরোধ ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, শিক্ষার্থী জুলহাস উদ্দিন রিংকু, পৌর ছাত্রদলের সভাপতি আলমগীর কবির প্রমূখ।
কলেজ সূত্র জানান, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলা সদরে অবস্থিত একটি মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান কে জাতীয়করনের উদ্যোগ নেয়। প্রাথমিক যাচাই-বাছাই তালিকায় এ কলেজের নাম অন্তর্ভূক্ত থাকলে একটি মহলে ষড়যন্ত্রের কারনে এ কলেজটি জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে। অথচ কলেজটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলা সদরে অবস্থিত। এই কলেজে বর্তমানে ৩ হাজার ৫শ ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। উপজেলার ৮টি ইউনিয়ন, পৌরসভা বিশেষ করে চা বাগানের পিছিয়ে পড়া ১০% জনগোষ্ঠি এ প্রতিষ্ঠানের সুবিধাভোগী।