স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার একটি পরিত্যক্ত মাদ্রাসায় গোপন বৈঠকের সময় জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জেলা জামায়াতের সহ-সভাপতি রিচি গ্রামের মুফজ উল্লার ছেলে আব্দুর রহমান, লাখাই থানা জামায়াতের আমির বামৈ গ্রামের মহরম আলীর ছেলে মাওলানা নূর উদ্দিন, সেক্রেটারী মুড়াকুড়ি গ্রামের তৈয়ব মিয়ার ছেলে মাওলানা লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক কাটিয়ারা গ্রামের আব্দুল হামিদের ছেলে ফখরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক ভাদিকারা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মাস্টার আনোয়ার হোসেন ও কর্মী বরপুর্ণি গ্রামের হাজী খুরশেদ আলীর ছেলে মোশাহিদ আলী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় কতিপয় জামায়াত কর্মী গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত ৬জনকে আটক করে। তাদের কাছ থেকে জেহাদী বই, ৯৮০টি লিফলেট উদ্ধার করা হয়। তিনি জানান, ওই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।