লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হলেও পরবর্তী সময়ে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে ৫০ শয্যার হাসপাতাল হলেও এখনো ৩১ শয্যার জনবল ও সুযোগ-সুবিধা দিয়েই চলছে চিকিৎসাসেবা। দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ জন নারী, পুরুষ ও শিশু রোগী। অতিরিক্ত রোগীর চাপে দেখা দিয়েছে তীব্র শয্যাসংকট। ফলে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করেই চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি চিকিৎসকদের কক্ষ, কেবিন ও অফিসকক্ষের মেঝেতেও রোগীদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, সুস্থ হওয়ার আশায় হাসপাতালে ভর্তি হলেও সময়মতো প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না তাঁরা। জনবল সংকটের কারণে চিকিৎসাসেবায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে উপজেলায় হাম, ডায়রিয়া, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে প্রতিদিন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সীমিত জনবল ও সুযোগ-সুবিধা নিয়ে অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সরঞ্জামের অভাব রয়েছে। এ কারণে রোগীদের কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে না। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির বলেন, হাসপাতালে আসা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার সদিচ্ছা থাকলেও জনবল ও শয্যাসংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।