নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হবে। মেলায় স্থানীয় লোকজ সংস্কৃতি ও কুটির শিল্পকে প্রাধান্য দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক চৌধুরী মনি, পানি সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, ওসি দুলাল আহমদ, প্রার্থমিক সহকারী শিক্ষা অফিসার রিংকু দাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (পজীব) শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম, আলী আমজদ মিলন, শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী, সংগীত শিল্পী বিন্দু সূত্রধর, সামস খেলা, আসাদ ইকবাল সুমন, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি কাঞ্চন বনিক, প্রণম দেব, একতারা শিল্প পরিবারের সাহেল আহমদ প্রিন্স, জাসাস এর সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন চৌধুরী, আমির হোসেন, ছাত্রনেতা তৌহিদ চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। মেলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে। এছাড়া ঐতিহ্যবাহী এই উৎসবকে সার্থক করতে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ বৈশাখী মেলার আয়োজনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। তারা আশা প্রকাশ করেন, এবারের আয়োজন নবীগঞ্জবাসীর জন্য একটি নির্মল বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিণত হবে।