শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মুকুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দুদক চেয়ারম্যানের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৭ লাখ টাকার চাল আত্মসাতের ঘটনা আবারও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুদকের গণশুনানিতে অভিযোগটি উপস্থাপিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন তাৎক্ষণিকভাবে অভিযোগটি গভীরভাবে তদন্তের নির্দেশ দেন।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে দুদক চেয়ারম্যান বলেন এ ধরনের বড় দুর্নীতি মামলার বিচার না হওয়া উদ্বেগজনক। গণশুনানিতে উপস্থাপিত তথ্য মতে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গজনাইপুর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচিতে ভয়াবহ দুর্নীতি সংঘটিত হয়। ইউনিয়নে ১ হাজার ১৮৫ জনের সুবিধাভোগীদের মধ্যে ২২৯ জনের ভুয়া নাম তালিকায় যুক্ত করা হয়। এসব ভূয়া কার্ড ব্যবহার করে বিপুল পরিমাণ চাল নিয়মিত উত্তোলন করা হতো। উপজেলা প্রশাসনের তদন্তে প্রমাণিত হয় গজনাইপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এই পুরো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ভূয়া নাম সংযোজনের মাধ্যমে প্রায় ১ কোটি ৭ লাখ টাকার চাল আত্মসাৎ করে মর্মে তদন্ত প্রতিবেদনে প্রতীয়মান হয়। উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২০ সালের ৭ জুলাই ইমদাদুর রহমান মুকুলকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করে। পরবর্তী আইনি লড়াইয়েও তিনি স্বপদে ফিরে যেতে ব্যর্থ হন; উচ্চ আদালত বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখে। কিন্তু এত বড় দুর্নীতির পরও সরকারের ক্ষতিপূরণ আদায় এবং আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়নি। গণশুনানিতে রাজনৈতিক প্রভাবের কারণেই এই মামলা দায়ের করা হয়নি বলে ওঠে আসে। গণশুনানি চলাকালে দুদক চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলার তৎকালীন খাদ্য নিয়ন্ত্রক গৌরাপদ দে-র কাছে প্রশ্ন রাখেন— “এত বড় দুর্নীতির ঘটনায় মামলা হয়নি কেন?” তবে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে দুদক চেয়ারম্যান অভিযোগটি গুরুত্ব সহকারে পুনরায় তদন্তের নির্দেশ দেন এবং দুদকের হবিগঞ্জ কার্যালয়কে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। গজনাইপুর ইউনিয়নের বহুল আলোচিত এই দুর্নীতি নতুন করে দুদকের নজরদারিতে আসায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন দুদকের নতুন তদন্তের মাধ্যমে অবশেষে কোটি টাকার ক্ষতিপূরণ আদায় এবং দায়ীদের আইনের আওতায় আনার পথ সুগম হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com