বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সদরের মধ্যবাজার এখন যানজটের আরেক নাম। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকার প্রধান সড়কে অটোরিকশা, টমটম ও ভ্রাম্যমাণ দোকানের দৌরাত্ম্যে বাজারটি বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়েছে। ক্রমবর্ধমান অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও সিরিয়াল বাণিজ্যের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যবাজারে সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ‘সিরিয়াল’ নামে টাকা তোলা হচ্ছে। অথচ যানজট নিরসন বা শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট সংগঠন বা দায়িত্বশীলরা। এতে বাজারের প্রতিটি সড়কেই এখন স্থায়ী যানজটের চিত্র দেখা যাচ্ছে। বিগত কয়েকবছর পূর্বে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন বাজার এলাকায় যানজট কমাতে নির্দিষ্ট কয়েকটি সিএনজি স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সেই সিদ্ধান্ত কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কেউই নির্ধারিত স্থানে গাড়ি রাখছে না, বরং নতুন করে করাঙ্গী ব্রিজের উপরেও পার্কিং স্পট তৈরি করা হয়েছে যেখানে প্রকাশ্যে তোলা হচ্ছে সিরিয়াল বাবদ টাকা। বাহুবল বাজারের ফুটপাত দখল করে বসানো হয়েছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। ফলে রাস্তায় হাঁটার মতো জায়গাও থাকে না। পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন, এতে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। রোগী পরিবহন বা জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচলও হয়ে পড়েছে দুরূহ। বাজারের ওপর দিয়ে রোগিবাহী পরিবহণ বা অ্যাম্বুলেন্স যাতায়াত করা এখন প্রায় অসম্ভব। বাজারের ব্যবসায়ীরা জানান, দোকানের সামনে সারি সারি সিএনজি-অটোরিকশা পার্ক করে রাখায় ক্রেতারা দোকানে ঢুকতেই পারেন না। ব্যবসায়ী শফিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকানের সামনে সারি সারি অটোরিকশা দাঁড়িয়ে থাকে কাস্টমার দোকানে ঢুকতে পারে না। আমরা কিছু বললে তারা উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠে অনেক সময় কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনাও ঘটে। অন্য এক ব্যবসায়ী বলেন, বাজারে যানজট এখন নিত্যদিনের ব্যাপার, আমরা প্রশাসনের কাছে বহুবার লিখিতভাবে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেই। বাহুবল বাজারের মধ্য দিয়ে প্রতিদিন উপজেলা প্রশাসন ও বাহুবল মডেল থানার সরকারি গাড়িগুলোকেও যানজটে আটকে থাকতে দেখা যায়। এমনকি জরুরি কাজে বের হলেও কর্মকর্তাদের গাড়ি দীর্ঘ সময় আটকে থাকে। এমন পরিস্থিতিতেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছে সচেতন মহল।
একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, যখন ইউএনও বা থানার গাড়িও এই জ্যামে আটকে থাকে, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা ভয়াবহ, অথচ সবাই চুপ। যেন এটা কারও দায়িত্ব নয়।
অপর দিকে বাহুবলের অন্যতম গুরুত্বপূর্ণ করাঙ্গী ব্রিজ এখন পার্কিং স্পটে পরিণত হয়েছে। ব্রিজের ওপরেই অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয় এবং সেখানে সিরিয়াল নামে টাকা তোলা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট লেগে থাকে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, বাহুবল বাজারে এখনই শৃঙ্খলা ফেরানো না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।
সচেতন নাগরিক রুবেল আহমদ বলেন, এই বাজারটা বাহুবলের কেন্দ্রবিন্দু। এখান দিয়ে সব ধরণের যানবাহন যাতায়াত করে। কিন্তু দিনের পর দিন এভাবে অব্যবস্থাপনা চললে মানুষ এখানে আসতেই ভয় পাবে।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরাও গাড়ি নিয়ে যানজটে আটকে থাকতে হয়। শিগগিরই অটোরিকশা চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত অবৈধ পার্কিং, ফুটপাত দখল, সিরিয়াল বাণিজ্য ও ভ্রাম্যমাণ দোকান অপসারণে অভিযান চালানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, বাহুবল বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি নয়তো একদিন পুরো বাজারই থমকে যাবে।