ছানি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সাব্বীর আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, পজীপ কর্মকর্তা সাকিল আহমদ, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, ছাত্রনেতা শফিকুর রহমান ও হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সকালে জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত নবীগঞ্জ পৌর এলাকার শহীদ আজমত আলীর কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামানসহ উপজেলা সরকারি বিভিন্ন অফিস ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।