নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় তথ্য প্রযুক্তি আইনে মামলায় আব্দুল আলীম (৩৭) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার (৪ জুলাই) বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল আলীম উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক শেখেরগাঁও গ্রামের ইমান উল্ল্যাহর ছেলে। জানা যায়, ২০২০ সালে ফেসবুকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিমের ছবি বিকৃত করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করেন শতক গ্রামের আব্দুল আলীম। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিম বাদী হয়ে আব্দুল আলীমকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওয়ারেন্ট জারী হয়।
গতকাল বিকেলে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নির্দেশে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।