মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলিউর রহমান অলি (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার অলিউর রহমান অলি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আওয়াল ওরফে হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে অলিউর রহমান অলিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার অলির বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৭-৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, অলি আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ডাকাতি প্রতিরোধে পুলিশের চলমান অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অলিউর রহমান অলি আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।” মাধবপুরসহ আশপাশের এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।