মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত করা, ফুটপাত দখল উচ্ছেদ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে শহরের ব্যস্ততম থানা পয়েন্ট ও গাজীরটেক পয়েন্ট মধ্য বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। অভিযানকালে পেট্রোলিয়াম আইন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, সড়ক পরিবহন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৩ টি মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের প্রশাসনিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।