স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সময়ে অবসর গ্রহণকারী ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৬ জন কর্মচারীর সম্মানে বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদান ও দায়িত্বশীলতার কথা স্মরণ করা হয়। তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা, শ্রম ও পেশাদারত্ব জেলা প্রশাসনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক, দায়িত্ব পালনে একনিষ্ঠতা এবং কর্মক্ষেত্রে তাঁদের অবদান জেলা প্রশাসনের কর্মপরিবেশে স্মরণীয় হয়ে থাকবে। কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও সহকর্মীদের মধ্যে গড়ে ওঠা শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক বন্ধন অটুট থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। বিদায়ী সহকর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এ আয়োজন স্মৃতিচারণ, আবেগ ও শুভকামনায় এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।