লাখাই প্রতিনিধি ॥ মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী মমতা বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানা-পুলিশ। পরে তাঁকে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
ঘটনার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মামুন মিয়া (৩২) একই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।
ভুক্তভোগী মামুনের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে মসলা পেষার পাথরের শিল দিয়ে মামুনের মাথার পেছনে ও মুখে আঘাত করেন মমতা। এতে তিনি মারাত্মক জখম হন। স্বজনদের অভিযোগ, হামলার পর আহত স্বামীকে ঘরে ফেলে রেখে পালিয়ে যান স্ত্রী।
আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, প্রায় ছয়-সাত বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মামুন ও মমতা। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনার পেছনের প্রকৃত কারণ ও অভিযোগগুলোর সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।