লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১নম্বর লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১৮ নভেম্বর) লাখাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার লাখাই থানা ও স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে ওই এলাকা থেকে এনায়েত হোসেনকে ধরা হয়। গ্রেপ্তারকৃত এনায়েত হোসেন স্বজনগ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে ১নম্বর লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, লাখাই থানায় চলমান বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তদন্তে এনায়েত হোসেনের জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় এনায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সেরে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে হবিগঞ্জ জেলা সদরের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাটির তদন্ত এখনো অব্যাহত রয়েছে।