শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বোমা হামলা করে মানুষ হত্যা করা কোন ধর্মে নেই। এরা দেশ জাতির শত্র“। এ বোমাবাজ জঙ্গীরা ইয়াযিদের অনুসারী। এ জঙ্গীদের এদেশে স্থান হবে না। সবাই মিলে এদের চিহ্নিত করে আইনের কাছে ধরিয়ে দিতে হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা বাইরে হোক যদি কেউ জঙ্গীদের পক্ষে কাজ করে তাদের তালিকা প্রশাসনের কাছে দিন। তার সাথে সন্তানদের ব্যাপারে অভিভাবকরা সার্বক্ষণিক খোঁজ খবর নিবেন। যাতে তারা পথভ্রষ্ট না হয়।
এমপি আবু জাহির আরো বলেন, জঙ্গীদের সাথে মিল রয়েছে বিএনপি-জামায়াতের। তারা বোমাবাজে বিশ্বাসী। আর উন্নয়নে বিশ্বাসী আওয়ামীলীগ। বিগত দিনে শায়েস্তাগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অন্য সরকারের আমলে হয়নি। বোমাবাজরা উন্নয়ন কাজে বাধা দিতেই বোমা হামলা করেছে। এদেরকে আর প্রশ্রয় দেয়া যাবে না। সবাই মিলে জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বক্তব্য রাখেন, হপবিস জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, কমিউনিটি পুলিশিং কমিটির হাজী মোক্তার হোসন, সাবেক মেম্বার সাবাজ মিয়া, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, জহুর চাঁনবিবি মহিলা কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল কাইয়ূম পীর, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, স্টেশন মাস্টার মোঃ মোয়াজ্জুল হক রেজা, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, কলেজ পরিচালনা কমিটির রাহেল মিয়া সরদার, আব্দুল মুকিত, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শুরু হবার পূর্বে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মিলে জঙ্গী বিরোধী শ্লোগানসহকারে সভাস্থলে এসে উপস্থিত হন। এক পর্যায়ে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ তৃণমূলের হাজার হাজার লোকের সমাগমে সভাস্থল মুখরিত হয়। সম্প্রতি জঙ্গী হামলায় নিহতদের স্মরণে সভায় একমিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এ সভায় জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সবাই একমত পোষণ করেন।