লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় মাদক মামলার এক আসামিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম শামীম (২৩)। তিনি লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে।
আদালত ও থানা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শামীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনি মাদক মামলায় অভিযুক্ত হন। মামলাটি বিচারিক প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালত আসামি শামীমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।
রায়ে আদালত শামীমকে ১ (এক) বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জরিমানার এই অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছে।
লাখাই থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, এ ঘটনায় লাখাই থানায় দায়েরকৃত মামলা নম্বর-০৭, তারিখ- ২১/০১/২০২১ ইংরেজি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি তদন্ত ও বিচারকার্য সম্পন্ন হয়।
রায় ঘোষণার পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় সচেতন মহল আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।