মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্কুল ব্যাগে করে পাঁচ কেজি গাঁজা বহনের সময় রবিন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার হরষপুর বাজারে আনোয়ার হোসেন রুবেলের ফার্মেসির সামনে ইটসোলিং রাস্তা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়ার নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় স্কুল ব্যাগে করে গাঁজা বহনের সময় রবিন মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রবিন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মো. খোকন মিয়ার ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।