স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকায় ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ উল্লাহর ছেলে জামাল মিয়া এবং তার শ্যালক শ্রীমঙ্গলের মির্জাপুর পাচাউন এলাকার রেনু মিয়ার ছেলে আব্দুল আলী। তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, জামাল মিয়া ও আব্দুল আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। জামাল মিয়াকে এর আগে একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল বলেও স্থানীয়রা জানান। জামিনে মুক্তির পর তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামাল মিয়ার বসতঘরে মাদকদ্রব্য নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে এসআই আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। নবীগঞ্জ থানার এসআই আবু হানিফ বলেন, স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়েপুলিশে দিল জনতা
(প্রথম পৃষ্ঠার পর) তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী জানান, পূর্ব তিমিরপুরে মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে এলাকায় মাদকবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় যুবসমাজ, মুরব্বি ও এলাকাবাসীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।