স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচার এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জায়েদা বেগম। সোমবার (২৯ জুন) হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের কাছে ন্যায়বিচার কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জায়েদা বেগম বলেন, তিনি নবীগঞ্জ উপজেলার ১২ নম্বর কালিয়ারভাঙা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল ওয়াহিদ। দীর্ঘদিন ধরে তাদের পরিবার নির্যাতন, ভয়ভীতি ও হামলার শিকার হচ্ছে। সর্বশেষ তাদের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনার বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, তাদের বাড়ি নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামে। এতার স্বামী আব্দুল ওয়াহিদ একসময় অপরাধের সাথে জতিড় ছিলেন। বর্তমানে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার কারণে তার স্বামী ও তাকে এলাকা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়। এজন্য কয়েক দফা গোপন বৈঠকও হয়েছে বলে তারা জানতে পারেন।
তিনি অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় গত ৩১ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শুরু করে পরদিন রাত পর্যন্ত তাদের বসতবাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তাদের গ্রামের বসু মিয়া, শানু মিয়া, আলমগীর মিয়া, আল আমীন, সুমন মিয়া ও হিফজুর মিয়ার নেতৃত্বে কিছু উশৃঙ্খল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ি ঘেরাও করে। তাদের কারও হাতে পেট্রোলভর্তি ক্যান, কারও হাতে রামদা, শাবল, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।
তিনি বলেন, তার স্বামীর দুই পরিবার এবং দুই পরিবার একই বাড়িতে মিলেমিশে বসবাস করেন। ঘটনার দিন দুই পরিবারের পাঁচ সন্তানসহ সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে ঘরে আগুন জ্বলতে দেখতে পান। তাদের দুটি বসতঘরের চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন আরও ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ঘরের টিন, কাঠামো ও অন্যান্য অংশে আঘাত করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটে যান এবং কোনোমতে নিজেদের জীবন রক্ষা করেন।
তিনি আরও বলেন, ঘটনার সময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং স্থানীয় থানাকে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও ততক্ষণে তাদের দুটি বসতঘরের প্রায় সবকিছু আগুনে পুড়ে যায়।
সংবাদ সম্মেলনে জায়েদা বেগম দাবি করেন, আগুনে প্রায় ৪১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ছিল দুই ভরি স্বর্ণালংকার, ২৫ ভরি রূপা, নগদ এক লাখ ২২ হাজার টাকা, একাধিক খাট, ফ্রিজ, কেবিনেট, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল, স্টিলের আলমারি, টেলিভিশন, কাপড়চোপড়, রান্নার সামগ্রী, দুটি গরু, হাঁস-মুরগি, ধান, মোবাইল ফোন, সোফাসেট, সিলিং ফ্যান এবং খরগোশের খামারে থাকা বহু খরগোশসহ বিভিন্ন মূল্যবান মালামাল। এছাড়াও তার সন্তানদের শিক্ষা সনদসহ বই-পুস্তক পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
তিনি বলেন, শুধু অগ্নিসংযোগেই হামলাকারীরা থেমে থাকেনি। পরদিন আবার এসে পুড়ে যাওয়া ঘরের টিন, গ্রিল, ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী খুলে নিয়ে যায়। এই ঘটনার ছবি, ভিডিও এবং আগুনে পুড়ে যাওয়া বাড়ির দৃশ্য তাদের কাছে সংরক্ষিত আছে। ঘটনাটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তারপরও ন্যায়বিচারের আশায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০০ (সংশোধিত ২০২৪)-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেছেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর বিভিন্নভাবে তারা জানতে পারেন, এ ঘটনার মূল ইন্ধনদাতা ছিলেন কালিয়ারভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক। তিনি আড়ালে থেকে এই ঘটনার নেতৃত্ব দিয়েছেন, যা পূর্বে তারা বুঝতে পারেননি। তিনি বলেন, মামলা দায়েরের পরও তারা নিরাপদ নন। তিনি ও তার পরিবারের সদস্যরা এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হামলাকারীদের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। বিবাহ উপযুক্ত মেয়েসহ কোলের সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় মানবেতর জীবন-যাপন করছেন। এমনকি তার মামলার সাক্ষীদেরও আসামিরা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা প্রশাসন, নবীগঞ্জ থানা পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে তিনি ঘটনার সুষ্ঠু বিচার কামনা করেন।