স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পৌরসভা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ওই এলাকায় অভিযান চালায় হবিগঞ্জ পৌরসভার একটি টিম। প্রথমে রাজনগর এলাকার হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের দেয়াল সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় এক্সেভেটর দিয়ে ফুটপাতের দোকানগুলো ভেঙ্গে ফেলা হয়। পরে অভিযান পরিচালনাকারী দলটি রাজনগরের বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে খাবারের দোকানগুলো উচ্ছেদ করে। সাথে সাথে অবৈধভাবে ওই দোকানগুলোতে সংযোগ নেয়া বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। উল্লেখ্য, ইতিপূর্বে পৌরসভার পক্ষ হতে উক্ত এলাকায় মাইকে ঘোষনা দিয়ে অবৈধ স্থাপনা সড়িয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু উক্ত ঘোষানার পরও অবৈধ স্থাপনাগুলো না সড়ানোর ফলে হবিগঞ্জ পৌরসভা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।