মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যের অন্যতম সাক্ষী ‘গড়ের খাল’ এখন অস্তিত্ব সংকটে। মোঘল আমলের এই সু-দীর্ঘ জলপথটি নাব্যতা সংকট, অবৈধ দখল আর দূষণে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। একসময়ের প্রমত্তা এই খালটি এখন সরু নালায় পরিণত হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য।
ইতিহাসবিদদের মতে, বানিয়াচং রাজ্যকে শত্রুর হাত থেকে রক্ষা করতে কয়েকশ বছর আগে গ্রামের চারপাশ দিয়ে এই খালটি খনন করা হয়েছিল। প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই পরিখাটি একসময় যাতায়াত, বন্যা নিয়ন্ত্রণ এবং বানিয়াচংয়ের বিস্তৃত হাওর এলাকার কৃষি জমি সেচের প্রধান উৎস ছিল।
সরেজমিনে দেখা যায়, খালের দুই পাড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। প্রভাবশালী মহলের দখলদারিত্বে খালের অনেক অংশ ভরাট করে তৈরি করা হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। বাজারসহ বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা সরাসরি খালে ফেলায় পানি এখন ব্যবহারের অনুউপযোগী হয়ে পড়েছে। এতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য এবং দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র।
স্থানীয় কৃষকদের মতে, খালের নাব্যতা না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং শুকনো মৌসুমে সেচ কাজে পানির তীব্র সংকট দেখা দেয়। ফলে ব্যাহত হচ্ছে কয়েক হাজার একর জমির বোরো চাষ। স্থানীয় বাসিন্দা একজন কৃষক জানান, “আগে এই খাল দিয়া বড় বড় নৌকা চলত, এখন ছোট ডিঙিও চলে না। খালটা উদ্ধার না করলে আমাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে।”
এর আগে বিভিন্ন সময় সরকারি উদ্যোগে খালটি পুনঃখননের কাজ শুরু হলেও স্থানীয়দের অভিযোগ, কাজ হয়েছে নামমাত্র। ৮ কোটি টাকার বেশি ব্যয়ে একটি বড় প্রকল্প নেওয়া হলেও তার সুফল পায়নি সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, মূল খাল সঠিকভাবে খনন না করে কৌশলে টাকা আত্মসাৎ করা হয়েছে।
সম্প্রতি সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের যে মহাপরিকল্পনা ঘোষণা করেছে, তার আওতায় ‘গড়ের খাল’ পুনরুদ্ধার করার জোরালো দাবি উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে গুরুত্বপূর্ণ খালগুলোর তালিকা তৈরি করছে। বানিয়াচংবাসী আশা করছেন, স্বচ্ছতার সাথে নতুন করে খনন কাজ সম্পন্ন হলে ফিরে আসবে খালের প্রাণ।
বানিয়াচংয়ের ইতিহাস ও ভূ-প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এই ‘গড়ের খাল’। দ্রুত সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে খালটি পুনঃখনন করা এখন সময়ের দাবি। বানিয়াচংয়ের কৃষি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছেন সুধী সমাজ।
বর্তমান সরকারের ৩১ দফার মধ্যে অন্যতম ছিল খাল খনন ও জলাশয় রক্ষা। বানিয়াচংবাসীর প্রত্যাশা, স্থানীয় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এলাকাবাসীর প্রধান দাবিগুলো হলো, গড়ের খালের অবৈধ দখল উচ্ছেদ করা। আধুনিক ও পরিকল্পিত খনন কাজের মাধ্যমে পানির নাব্যতা ফিরিয়ে আনা। খালটিকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো বলে বানিয়াচংবাসীর দাবী।
অনুমতি ছাড়া পুকুর বা প্রাকৃতিক জলাধার ভরাট বন্ধে কঠোর প্রশাসনিক আইন প্রয়োগ করার দাবী জানান পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
বানিয়াচংয়ের ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ‘গড়ের খাল’ সংস্কার এখন সময়ের দাবি।
পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পরিবেশের ক্ষতি করে কোন ক্ষমেই জলাশয় খাল-নালা, ডোবা ও পুকুর ভরাট করার সুযোগ নেই। গড়ের খাল একটি ইতিহাসের অংশ। কোন ক্রমেই খাল ভরাট বা দখল করা উচিৎ নয়।
তিনি বলেন, বিগত দিনে গড়ের খাল খনন নিয়ে অনিয়মের খবর আমরা পেয়েছি। নতুন সরকার কাছে প্রত্যাশা নিয়মতান্ত্রিক ভাবে খাল-নালা-বিল ডোবাসহ বিভিন্ন জলাশয় খনন করে পানির উৎস ধরে রাখা। জীববৈচিত্র্য ও প্রকৃতি ঠিক রাখতে এসবের বিকল্প নেই। অবৈধ ভাবে ভরাট ও দখলরোধে প্রশাসনের আরো কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন।