নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এর পর নবীগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সকালেই সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় উপজেলা স্কুলে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারু ও কারুশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমন্বয়ে বিজয়মেলার উদ্বোধন করা হয়। সকাল এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরউদ্দিন আহমেদ (বীর প্রতীক), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, ওসি (তদন্ত) দুলাল মিঞা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী এবং প্যারেড কমান্ডার জয়ন্ত রায় তালুকদার। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। দিনের বিভিন্ন সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, জীবিত মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।