স্টাফ রিপোর্টার ॥ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বৃত্তি পরীক্ষা ২০২৫’ এ অংশগ্রহণের সুযোগ না দেয়ায় লাখ লাখ শিশু বৈষম্যের শিকার হচ্ছে। কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংমগ্রহণের দাবী আগামী ২০ আগষ্টের মধ্যে বাস্তবায়িত না হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। গতকাল হবিগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ দাবী জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
এতে বলা হয়, বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। এ সরকারের সময়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।
লিখিত বক্তব্যে বিগত ১৭ জুলাইজারীকৃত পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন রাখতে জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদ মিয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ মোছাদ্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফসার তারেক, সাংগঠনিক সম্পাদক পলাশ রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক দীপঙ্কর রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরুণ কান্তি দাস, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুর রহমান নাঈম, শিক্ষা সম্পাদক কাজী মোঃ নাসির উদ্দিন, নির্বাহী সদস্য শওকত আলী খাঁন, তুষার রায়, হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম সহ জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক অভিভাবকবৃন্দ।