নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার টুকের বাজারে একটি দোকান ঘরে দুঃসাহসিক চুরি সংঘতি হয়েছে। বৃহস্পতিবার (১লা জুলাই) দিবাগত গভীর রাতে এই চুরি সংঘটিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের টুকের বাজারে দীর্ঘদিন ধরে পাহাড়া দিয়ে আসছিলেন বড় সাকুয়া গ্রামের অনীল চক্রবর্তী। স্থানীয় দু’সহোদর মাদকসেবীর অন্তদ্বন্ধের কারনে গত এক সপ্তাহ ধরে কোন পাহাড়াদার রাখা হয়নি। ওই দু’সহোদর মাদকসেবী মৃত লেবু মিয়ার ছেলে কর্ণাল মিয়া (৩০), রিপন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে স্থানীয় টুকের বাজারে চুরি’সহ অরাজকতা সৃষ্টি করে আসছে। তাদেরকে ব্যতিত অন্য কাউকে পাহাড়াদার দেয়া যাবে না, এমন হুংকারে দমকে যায় পাহাড়াদার নিয়োগ। এই পরিস্থিতিতে বাজার কমিটির সেক্রেটারী সাদিক মিয়ার দোকানে বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরের দল ছালের টিন খোলে ভিতরে প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা মালামাল নিয়ে যায়। এর আগেও অনেক ছোটখাটো চুরি সংঘটিত হয়েছে টুকের বাজারে। স্থানীয়দের মতে ওই বাজারের রাজা মিয়ার ছেলে ইকবাল মিয়া, মৃত লেবু মিয়ার ছেলে কর্ণাল মিয়া, রিপন মিয়া ও তার বোন জামাই দ্বারা এই চুরি সংঘটিত হয়েছে। তাদেরকে পুলিশের তত্ত্বাবধানে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলেই ওই এলাকার সংঘটিত চুরি রহস্য উদঘাটিত হবে। পাশাপাশি এলাকায় চুরি বন্ধ হয়ে যাবে।