মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে উচ্চমাধ্যমিক পাস করেছিলেন সুমাইয়া জান্নাত তিন্নি। স্বপ্ন ছিল আরও লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর, একটি চাকরি করে পরিবারের দুঃখ-কষ্ট দূর করার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল তাঁর জীবনের পথচলা। বিয়ের প্রস্তাব ও পারিবারিক পরিস্থিতি নিয়ে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এর মধ্যেই নিজ ঘরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাত ওই গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে। তিনি এ বছর মনতলা শাহজালাল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে সম্ভাব্য পাত্রপক্ষের লোকজন জান্নাতকে দেখতে আসার কথা ছিল। এ জন্য দিনক্ষণও নির্ধারণ করা হয়েছিল। বিষয়টি জানার পর থেকে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। একপর্যায়ে সকালে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় রশি লাগিয়ে আত্বহত্যা করো।
জান্নাতের মা পারুল বেগম বলেন, তাঁর মেয়ে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। মেয়ের স্বপ্ন ছিল আরও পড়াশোনা করে চাকরি করার। বিয়ের একটি প্রস্তাব এসেছিল। কিন্তু মেয়ে এভাবে তাঁদের ছেড়ে চলে যাবে, তা কখনো কল্পনাও করেননি তিনি।
মাধবপুর থানার এসআই শামসুদ্দিন জানান, গতকাল শুক্রবার জান্নাতকে দেখতে পাত্রপক্ষের লোকজন আসার কথা ছিল। বিয়ের বিষয়ে তাঁর কোনো দ্বিমত বা আপত্তি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
এদিকে একই দিন মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে স্বর্ণা আক্তার নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের খেলু মিয়ার মেয়ে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পৃথক দুটি ঘটনার বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে।