লাখাই প্রতিনিধি ॥ নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় কফি পাউডার জব্দ করেছে নৌ-পুলিশ। জব্দ করা কফি পাউডার বোঝাই নৌকাসহ আটক দুই ব্যক্তির মধ্যে একজনের বাড়ি লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।
পুলিশ জানায়, উদ্ধার করা ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডারের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা।
গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধনু নদে এই অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৫ নভেম্বর) বিকেলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন লাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জগৎ জ্যোতি চৌধুরী জানান, ধনু নদে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কফির চালানটি শনাক্ত করা হয়। পরে জগন্নাথপুর এলাকায় সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৭০ বস্তা কফি পাউডার জব্দ এবং নৌকাসহ দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় রোববার দুপুরে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।