হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবলে বন বিভাগের বিশেষ যৌথ অভিযানে জবরদখল থেকে ২ দশমিক ৫০ একর সরকারি বনভূমি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সিলেট বন বিভাগের আওতাধীন শায়েস্তাগঞ্জ রেঞ্জের পুটিজুরি বন বিটের ডায়ালার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুটিজুরি বন বিটের বিট কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়। এতে বন বিভাগের আওতাধীন ২ দশমিক ৫০ একর বনভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
বনভূমি উদ্ধার করার পর পুনরায় যাতে কেউ তা অবৈধভাবে দখল করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বন বিভাগ। সরকারি বনভূমি রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, “সরকারি বনভূমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”