স্টাফ রিপোর্টার ॥ মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন হবিগঞ্জ পৌরবাসী। অভিজাত এলাকা থেকে শুরু করে সর্বত্র মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। অনেক এলাকায় দরজা-জানালা বন্ধ রেখেও নিস্তার পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে মশাবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছেন পৌরবাসী।
দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবহার না করায় মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ করেন শহরের একাধিক বাসিন্দা। মশা নিয়ন্ত্রণে হবিগঞ্জ পৌরসভা কোন উদ্যোগ গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন তারা।
শহরের বেশ কিছু এলাকার ড্রেন পরিষ্কার না থাকায় মশার প্রজনন ঠেকানো যাচ্ছে না। ড্রেন পরিষ্কার করা হলেও একশ্রেণীর মানুষ সেগুলো পুনরায় ভরাট করে ফেলছে। এ ছাড়া শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়ের কচুরিপানাও বড় হয়েছে।
জানা যায়, শহরের শায়েস্তানগর, মোহনপুর, ইনাতাবাদ, স্টাফ কোয়াটার, রাজনগর, শ্যামলী, পুরান মুন্সেফীসহ বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেশি। দিনে-রাতে সব সময় মশার উপদ্রব চলছেই। মশারি না টাঙিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না ওইসব এলাকার মানুষ। মশার কামড়ে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুসহ নানা রোগ। মশক নিধনের কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ হয়েছেন হবিগঞ্জ পৌরবাসি।