বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আকাশ ছোয়া দৃষ্টিনন্দন ফ্রুটস ভ্যালি

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫০৯ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥
হবিগঞ্জ গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের একান্ত প্রয়াসে গড়ে তুলেছেন এক অনন্য ফলের বাগান। গ্যাসফিল্ডের ভেতরে উঁচু টিলার চূড়ায় অপূর্ব ফলের বাগানটি আকৃষ্ট করবে যেকোনো দর্শনার্থীকে। সরকারের আলাদা কোনো অনুদান ছাড়াই গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এখানে শোভা পাচ্ছে ২০০ প্রজাতির দেশি-বিদেশি ফলের সহস্রাধিক গাছ। কৃত্রিম পাহাড়, ঝরনা, লেক ও ওষুধি গাছের বাগান রয়েছে ফ্রুটস ভ্যালির পূর্ব পাশে। বাম পাশে ফোয়ারার লেকে রয়েছে শাপলা। আরেক পাশে রয়েছে প্রায় ২১ প্রজাতির বিভিন্ন ধরনের পাখি।
টিলার তলদেশে বড় সাইনবোর্ডে দেওয়া আছে ফ্রুটস ভ্যালির বৃক্ষ তালিকা। টিলার গায়ে বাঁধানো পাকা সিঁড়ি বেয়ে টিলার উপরে ওঠার সময় থেকেই চোখে পড়ে গাছের গায়ে গায়ে লেখা বৃক্ষরোপণ সংক্রান্ত বাণী। প্রতিটি গাছের গায়েই হয় খনার বচন, নয় হাদিস কিংবা গুণীজনের বৃক্ষসংক্রান্ত বাণী বাঁধানো।
‘যদি বর্ষে ফাগুনে/রাজা যাবে মাগুনে’, ‘যদি বর্ষে মাঘের শেষ/ধন্যি রাজার পূণ্য দেশ’- এরকম খনার বচন শত শত গাছের গায়ে শোভা পাচ্ছে। ‘যদি কোনো ব্যক্তি কোনো গাছ বা শস্য রোপণ করে, সেই গাছের ফল বা শস্য যদি কোনো মানুষ বা পশু-পাখি খায় তবে তা ছদকা হিসেবে গণ্য হয়’- বৃক্ষরোপণ সংক্রান্ত এরকম সুন্দর হাদিসও দেখা যাচ্ছে গাছের কাণ্ডে কাণ্ডে।
শুধু বাণী নয়, কোন গাছটি কে কবে রোপণ করেছিলেন দিন-তারিখ ও নামের তথ্যও দেওয়া আছে ফ্রুটস ভ্যালির গাছে গাছে। ভ্যালিতে একটি শ্বেতচন্দন রোপণ করেছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। একটি লটকন গাছ রোপণ করেছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। হবিগঞ্জ গ্যাস ফিল্ডের সাবেক ও বর্তমান ব্যবস্থাপকরাসহ অন্যান্য কর্মকর্তারা যেসব গাছ রোপণ করেছেন সেই তথ্যও দেওয়া আছে গাছগুলোতে।
কেবল গাছের সৌন্দর্য নয়, ভ্যালির ভেতর পালন করা হচ্ছে দেশি-বিদেশি পশু-পাখিও। টারকি মুরগী দর্শনার্থী দেখলে এমনভাবে পেখম মেলে দৌড়ে আসে মনে হবে ঠোকর দেবে বুঝি। পাখির খাঁচায় রয়েছে দেশি-বিদেশি কবুতর, খরগোশ, বেজি, চীনা হাঁস, তিতির ও মোরগসহ প্রায় ২১ প্রজাতির পাখি।
গ্যাস ফিল্ডের নিরাপত্তা কর্মকর্তা সারওয়ার আলম জানান, ২০০৫ সালে গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীরা এই ফলের বাগান স্থাপনের উদ্যোগ নেন। গ্যাস ফিল্ডের আওতাধীন অব্যবহৃত টিলার প্রায় ৭ একর এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই ফ্রুটস ভ্যালি। বাগানের গাছের পরিচর্যা ও পশু-পাখির যতেœন ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত আন্তরিক বলেও জানান তিনি।
ফ্রুটস ভ্যালির অবস্থানঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন শাহাজীবাজার এলাকায় উঁচু টিলার চূড়ায় মনোরম প্রাকৃতিক পরিবেশে স্থাপিত ফ্রুটস ভ্যালি। ভ্যালিটি হবিগঞ্জ গ্যাস ফিল্ডের মালিকানাধীন। গ্যাস ফিল্ড সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় নিরাপত্তার কারণে ফ্রুটস ভ্যালি সবার জন্য খুলে দেয়নি কর্তৃপক্ষ। এখানে ঘুরতে হলে আগাম অনুমতি নিতে হবে দর্শণার্থীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com