স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হান্নান চৌধুরী ছিলেন একজন আদর্শ শিক্ষক, শিক্ষাবিদ ও সত্যিকার অর্থে একজন মানুষ গড়ার কারিগর। আমাদের সমাজে এখন আদর্শ মানুষের সংখ্যা খুবই কম, কম আদর্শ শিক্ষকের সংখ্যাও। আদর্শ মানুষ হতে হলে আব্দুল হান্নান চৌধুরীর মতো গুণী মানুষকে অনুসরণ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিউইয়র্ক সুপ্রিম কোর্টের নোটারি পাবালিক আব্দুল হাসিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার খাতুন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শেখ খাতুনে জান্নাত শামীমা ও একই শ্রেণীর ছাত্রী শ্রাবস্তী কর্মকার শৈব। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শিরীন আক্তার। গীতা পাঠ করেন ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী প্রযুক্তা বণিক।
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জেলার বিভিন্ন স্কুলের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
মরহুম আব্দুল হান্নান চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী ঃ আব্দুল হান্নান চৌধুরী প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন ঢাকার ব্রাউন স্কুল ও নবকুমার ইনস্টিটিউট থেকে। নবকুমার ইনস্টিটিউট ছিল ঢাকার স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল। তৎকালে ভিআইপি পরিবারের সন্তানরা ওই স্কুলে পড়াশোনা করতো। উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি ঢাকা কলেজ, রাজশাহী কলেজ ও চট্টগ্রাম কলেজে অধ্যয়ন করেন। তার দাদা প্রিন্সিপাল খান বাহাদুর আব্দুর রব চৌধুরীর চাকুরির বদলীজনিত কারণে তাকেও কলেজ পরিবর্তন করতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি গ্র্যাজুয়েট কমপ্লিট করে আসামের হাইলাকান্দিতে এরোড্রম অফিসার হিসেবে যোগ দেন। ১৯৪৭ সনে ভারত বিভক্তির পূর্ব মুহূর্তে তিনি আসাম সিভিল সার্ভিসে কোয়ালিফাই করেন। এরই মধ্যে ভারত বিভক্তির ফলে আমরা চলে আসি পূর্ব পাকিস্তানে। সেজন্য তিনি আর সিভিল সার্ভিসে যোগ দেননি। পরবর্তীতে তিনি সাব-রেজিষ্টার পদে চাকুরি করেন কিছুদিন। কিন্তু শিক্ষানুরাগী, সৎ ও ধার্মিক ব্যক্তিত্ব আব্দুল হান্নান চৌধুরী এ চাকুরি বেশিদিন করেননি। পরে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরি নেন। পর্যায়ক্রমে তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতার দায়িত্ব পালন করেন।
১৯৬০ সনে আব্দুল হান্নান চৌধুরী শিক্ষা বিভাগের অধীনে সহকারি স্কুল পরিদর্শকের চাকুরিতে যোগদান করেন। তিনি জামালগঞ্জ, সিলেট, বগুড়াসহ বিভিন্ন স্থানে এ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কাজের মূল্যায়ন ও দক্ষতাবলে তিনি বৃহত্তর চট্টগ্রাম জেলার জেলা স্কুল পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। স্কুল পরিদর্শকের দায়িত্ব পালনকালে তিনি হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। বৃহত্তর সিলেটের বহু শিক্ষা প্রতিষ্ঠানে তার নেতৃত্বের ছোয়া রয়েছে। এককথায় বলা যায়, তিনি ছিলেন প্রকৃত শিক্ষানুরাগী, কর্মঠ ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব। ১৯৮৪ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অবৈতনিক প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি অত্যন্ত সততা ও সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করেন।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর এই মহান ব্যক্তিত্বের জীবনাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদাসিদে চলাফেরা করতেন। সমাজসেবায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। মরহুম আব্দুল হান্নান চৌধুরী ৫ ছেলে ও ২ মেয়ের জনক। বিশেষ করে মরহুমের সন্তানদের মধ্যে বর্তমানে সুইডেন প্রবাসী অ্যাডভোকেট আব্দুল বাছিত চৌধুরীর অর্থানুকূল্যে এই বৃত্তি প্রদান করা হয়।